Views Bangladesh Logo

ঠাকুরগাঁওয়ে সমতলের চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমতলের চা চাষ ও দুই শতাব্দীর বেশি পুরোনো ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) উপজেলার সীমান্তবর্তী এলাকায় সফরকালে তিনি স্থানীয় কৃষি, চা চাষ এবং ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার নিটলডোবা গ্রামের সুলতান টি স্টেটে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তাকে স্বাগত জানান টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরু, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ স্থানীয় সরকারি কর্মকর্তারা।

চা বাগান ঘুরে দেখার সময় ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সমতলভূমিতে চা চাষের পদ্ধতি ও সম্ভাবনা সম্পর্কে জানতে চান। বাগানের পরিবেশ এবং সেখানে চা উৎপাদনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে এই প্রথম সমতলের চা বাগান দেখলেন তিনি এবং এ অভিজ্ঞতায় তিনি আনন্দিত।

এ সময় স্থানীয় মানুষের পরিশ্রমের প্রশংসা করে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আগ্রহের কথাও জানান মার্কিন রাষ্ট্রদূত। পরে তিনি চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজ ও বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান। শ্রমিকদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সুলতান টি স্টেট পরিদর্শন শেষে আমজানখোর ইউনিয়নের হরিণমারি এলাকায় যান ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সেখানে তিনি ২০০ বছরেরও বেশি পুরোনো সূর্যপুরী আমগাছটি ঘুরে দেখেন। এশিয়ার অন্যতম বৃহৎ হিসেবে পরিচিত গাছটির বিশাল আকৃতি, বয়স ও ঐতিহ্য সম্পর্কে তিনি খোঁজ নেন এবং তা দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

একই সফরে সমতলের চা বাগান ও প্রাচীন সূর্যপুরী আমগাছ পরিদর্শনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের কৃষি, স্থানীয় মানুষের শ্রম এবং এলাকার ঐতিহ্য সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান মার্কিন রাষ্ট্রদূত। সফরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌসসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ