Views Bangladesh Logo

বাংলাদেশে প্রথমবার ট্রেন ভ্রমণে উচ্ছ্বসিত মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ ওয়ার্কশপ পরিদর্শন শেষে ট্রেনে করে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে যান তিনি।

ট্রেন ভ্রমণ শেষে সৈয়দপুর রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ রেলওয়েতে এটিই তাঁর প্রথম যাত্রা। বিভিন্ন দেশে ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশের এই যাত্রাকে বিশেষ বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, ট্রেনে ভ্রমণ করতে তিনি খুবই পছন্দ করেন।

মার্কিন রাষ্ট্রদূত জানান, এ যাত্রায় ব্যবহৃত লোকোমোটিভটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান প্রোগ্রেস রেলের তৈরি। বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রযুক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। পার্বতীপুরের ওয়ার্কশপ পরিদর্শনের সময় বাংলাদেশি প্রকৌশলী, কারিগরি কর্মী ও সংশ্লিষ্টদের দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহযোগিতা প্রসঙ্গে ক্রিস্টেনসেন বলেন, মার্কিন প্রযুক্তির সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ও কর্মীদের দক্ষতার সমন্বয়ই এ অংশীদারত্বের মূল শক্তি। প্রোগ্রেস রেল ও ওয়েবটেকসহ আরও বেশ কিছু মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতেও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বলেও জানান তিনি।

উত্তরাঞ্চলে তিন দিনের সফরের অংশ হিসেবে মঙ্গলবার স্ত্রী ডিন ডাওকে সঙ্গে নিয়ে সৈয়দপুরের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। সকালে তিনি লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন। পরে সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ ও জাদুঘর, ঐতিহাসিক চিনি মসজিদ এবং ক্যাথলিক চার্চ ঘুরে দেখেন।

সফরে তাঁর সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে ছিলেন। সফর শেষে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ