পুরান ঢাকার গলিপথে রিকশাভ্রমণ, চা-বিরিয়ানি উপভোগ করলেন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সস্ত্রীক পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতির স্বাদ নিয়েছেন। রিকশায় চড়ে ব্যস্ত গলিপথ ঘুরে দেখা, ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন এবং স্থানীয় খাবারের স্বাদ—সব মিলিয়ে পুরান ঢাকায় এক ব্যতিক্রমী সময় কাটান তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের পুরান ঢাকা সফরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। ভিডিওতে দেখা যায়, লালবাগ কেল্লার সামনে থেকে স্ত্রী ডিয়ানকে সঙ্গে নিয়ে রিকশায় চড়ে তিনি এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখছেন।
ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “শুভ দিন। আমি ব্রেন্ট ক্রিস্টেনসেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। আজ আমি পুরান ঢাকায় এসেছি। ২০২১ সালে আমার পূর্বসূরি রাষ্ট্রদূত আর্ল মিলার এই স্থানকে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ‘অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’-এর জন্য মনোনীত করেছিলেন। এটি সংরক্ষণ কার্যক্রমের একটি চমৎকার উদাহরণ।”
লালবাগ কেল্লার সংস্কার কাজে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এখানে অসাধারণ কাজ হয়েছে। কয়েক বছর আগে যেভাবে দেখেছিলেন, এখন তার সঙ্গে কোনো মিল নেই। তিনি জানান, ঘুরে দেখার সময় বুঝতে পারেন যে, আগে একবার এখানে এলেও তা মনে পড়েনি। আবার ফিরে এসে উষ্ণ আতিথেয়তা পেয়ে তিনি আনন্দিত বলেও জানান।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ উপভোগ করেন। তাদের সফর শুরু হয় লালবাগ কেল্লার হাম্মামখানা পরিদর্শনের মধ্য দিয়ে, যা যুক্তরাষ্ট্রের সহায়তায় সংরক্ষণ ও সংস্কার করা হয়েছে।
এ ছাড়া তিনি সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনী দালান পরিদর্শন করেন এবং পুরান ঢাকার ব্যস্ত গলিপথে ঘুরে বেড়ান। সফরের একপর্যায়ে তারা উপভোগ করেন পুরান ঢাকার বিখ্যাত মসলা চা ও সুস্বাদু বিরিয়ানি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে