Views Bangladesh Logo

১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

বাংলাদেশে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর কোম্পানি। বাংলাদেশের প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ আগ্রহের কথা উঠে এসেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইস্ট পালো আল্টোতে ২৮ সেপ্টেম্বর ‘সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল’ শীর্ষক আলোচনায় বাংলাদেশের প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‘টেকনোলজি ইনভেস্টমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস ফর বাংলাদেশেস গ্রোথ’ শীর্ষক ওই আলোচনায় বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের বিভিন্ন দিক উঠে আসে।

ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে মার্কিন কোম্পানিগুলোর আগ্রহ দেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারে।

তিনি বলেন, এই সম্ভাবনাকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা ও উদ্ভাবন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রীর মতে, বৈশ্বিক প্রযুক্তি খাত দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে দক্ষ মানবসম্পদ, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে এগিয়ে যেতে হবে।

আলোচনায় এআই ও ডেটা অবকাঠামো উন্নয়ন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্প, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ জনশক্তি উন্নয়নের মতো বিষয় গুরুত্ব পায়। গবেষণা ও উদ্ভাবন, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্ব নিয়েও মতবিনিময় হয়।

ববি হাজ্জাজ বলেন, এআই ও ডেটা অবকাঠামো, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিকে আরও বহুমুখী করার পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে পারে।

বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে বাস্তবায়নযোগ্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তরের সুযোগ তৈরির বিষয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

আলোচনাটি সঞ্চালনা করেন কারম্যাক্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা শামীম মোহাম্মদ। এতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জ্যেষ্ঠ নির্বাহীরা অংশ নেন।

তবে প্রতিমন্ত্রীর দপ্তরের বিজ্ঞপ্তিতে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোর নাম প্রকাশ করা হয়নি। সম্ভাব্য বিনিয়োগ কোন কোন প্রকল্পে হতে পারে, বিনিয়োগের সময়সীমা কী এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা হয়েছে কি না—এসব বিষয়ও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ