Views Bangladesh Logo

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেবল কূটনৈতিক বা অর্থনৈতিক নয়, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।

তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদ ভবনের নকশা করেছেন মার্কিন স্থপতি লুই কান এবং যুক্তরাষ্ট্রের আধুনিক স্থাপত্যে অসামান্য অবদান রেখেছেন বাংলাদেশি-মার্কিন প্রকৌশলী ফজলুর রহমান খান। এ ধরনের পারস্পরিক অবদান দুই দেশের সম্পর্কের দৃঢ় ভিত্তির প্রতীক বলে মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রতি বিশ্ববাসীর সমর্থনের প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকার বলেন, কিংবদন্তি সংগীতশিল্পী জর্জ হ্যারিসনের ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশ মানবিক সংহতির এক অনন্য নজির। বর্তমান আয়োজনও সেই মানবিক ও সাংস্কৃতিক বন্ধনের ধারাবাহিকতা বহন করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, সন্ত্রাসবাদ দমন এবং সামুদ্রিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। দুই দেশের বিদ্যমান অংশীদারিত্ব ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছরের পরীক্ষিত বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। বিশেষ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় দুই দেশের যৌথ উদ্যোগ আরও জোরদার হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, গণতন্ত্র ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জাতীয় সংসদ ভবনের আইকনিক স্থাপনার সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনকে তিনি দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও। তিনি বলেন, ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে আদর্শের সূচনা হয়েছিল, তার ভিত্তিতেই যুক্তরাষ্ট্র আজ বৈশ্বিক অংশীদারিত্ব আরও জোরদার করতে চায়। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও সহযোগিতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ