Views Bangladesh Logo

আহতদের জন্য ‘নেগেটিভ’ রক্তের জরুরি আহ্বান

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর আহতদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে ‘নেগেটিভ’ ব্লাড গ্রুপের (যেমন: A-, B-, AB-, O-) রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। আহতদের বাঁচাতে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবীরা এই গ্রুপের রক্তদাতাদের প্রতি দ্রুত এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সোমবার দুপুরে দুর্ঘটনার পর থেকেই ঢাকার বিভিন্ন হাসপাতালে শত শত মানুষ রক্ত দিতে ছুটে যান। তবে পজিটিভ ব্লাড গ্রুপের রক্ত পর্যাপ্ত থাকলেও নেগেটিভ রক্তের সঙ্কট এখনো কাটেনি। ঢামেক ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা গেছে, স্বেচ্ছাসেবীরা মাইকে ঘোষণা দিচ্ছেন এবং সম্ভাব্য রক্তদাতাদের খুঁজে বেড়াচ্ছেন।

স্বেচ্ছাসেবক নুরন্নবী জানান, পজিটিভ গ্রুপের রক্ত অনেক পাওয়া গেছে। কিন্তু নেগেটিভ রক্তের খুবই অভাব। যেসব দগ্ধ রোগীর নেগেটিভ রক্ত লাগছে, তাদের জন্য যা সংগ্রহ হয়েছে তা যথেষ্ট নয়।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া ও ফোনের মাধ্যমে নেগেটিভ রক্ত সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ দুর্ঘটনায় বহু শিক্ষার্থীসহ অন্তত ১৯ জন নিহত হন এবং ১০০ জনের বেশি মানুষ আহত হন বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সিনিয়র কর্মকর্তা মো. শাহজাহান সিকদার।

বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে জরুরি অবস্থা চলছে। চিকিৎসকরা বলছেন, সময়মতো রক্ত না পাওয়া গেলে দগ্ধদের অনেকেই ঝুঁকিতে পড়বেন। তাই নেগেটিভ ব্লাড গ্রুপধারী ব্যক্তিদের প্রতি এখনই রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। মানবিক এই বিপর্যয়ে সবার সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ