Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে সংসদে হট্টগোল

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনার সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে।

রোববার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সাধারণ আলোচনায় অংশ নিয়ে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ প্রস্তাবিত বাজেটের সমালোচনা করেন। তিনি বলেন, এই বাজেট বিএনপির দলীয় আকাঙ্ক্ষার প্রতিফলন, দেশের বাস্তব প্রয়োজনের নয়।

বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, বিভিন্ন ভাষণে প্রধানমন্ত্রী বিরোধী দল সম্পর্কে ভুল তথ্য তুলে ধরেন। পাশাপাশি ঋণ ও ব্যাংক খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

এ সময় সরকারি দলের কয়েকজন সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

পরে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক হান্নান মাসউদের বক্তব্যকে অসত্য আখ্যা দিয়ে ওই অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। তিনি বলেন, সংসদ নেতা সম্পর্কে অসত্য বক্তব্য গ্রহণযোগ্য নয়।

জবাবে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোনো বক্তব্যকে অসত্য বলা হলে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করার অধিকার বিরোধী দলের রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এরপর স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হান্নান মাসউদ সংসদ নেতাকে নিয়ে সুনির্দিষ্টভাবে অসত্য বক্তব্য দিয়েছেন। এ সময় সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা ও হৈচৈ শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডেপুটি স্পিকার হান্নান মাসউদকে বসতে বলেন এবং মন্তব্য করেন, ‘এটা সংসদ, শাহবাগ চত্বর নয়।’

পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদের ভেতর ও বাইরের রাজনৈতিক বক্তব্য আলাদা রাখার আহ্বান জানান। তিনি বলেন, বাইরে দেওয়া বক্তব্যের জবাব বাইরে এবং সংসদের বিষয়ে জবাব সংসদেই হওয়া উচিত। একই সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আর বিতর্ক না বাড়ানোর অনুরোধ জানান।

শেষে ডেপুটি স্পিকার বলেন, বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর বাজেটের ওপর সাধারণ আলোচনা চলতে থাকে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ