খাগড়াছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ ইউপিডিএফ সদস্য নিহত
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার প্রেমতলা এলাকায় বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একজন সদস্য নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম ববিন ত্রিপুরা (৩২)। তিনি প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ অংশের সদস্য ছিলেন। আহত ব্যক্তির নাম মংসানু মারমা ওরফে জীবন (২৯)।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, বুধবার সকালে সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র ইউপিডিএফ সদস্যরা গুলি চালায়, যার জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।
তিনি বলেন, ঘটনাস্থলেই ববিনের মৃত্যু হয় এবং বন্দুকযুদ্ধে জীবন আহত হন। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে এবং আহত ইউপিডিএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
বন্দুকযুদ্ধের ঘটনার পর এলাকায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতামত দিন