Views Bangladesh Logo

সাজেকে সশস্ত্র হামলায় ইউপিডিএফ সদস্য নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোরে উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হেগেরা চাকমা (৫০)। তিনি সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে শুকনোছড়া এলাকায় বসবাস করতেন এবং ইউপিডিএফের (প্রসীত) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ৬টার দিকে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হন হেগেরা চাকমা। এ সময় শুকনোছড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা ১০-১২ জনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের বিষয়ে সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা বলেন, ‘শুকনোছড়া এলাকায় হেগেরা চাকমা নামের এক ইউপিডিএফ সদস্যকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানা যায়নি।’

এলাকাটিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কথা উল্লেখ করে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘ঘটনাটি যেখানে ঘটেছে, এলাকাটি দীঘিনালা ও সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। সেখানে ইউপিডিএফ-প্রসীত ও ইউপিডিএফ-গণতান্ত্রিক– দুটি দলই সক্রিয় রয়েছে।’

এদিকে এই হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। তিনি বলেন, ‘নিহত হেগেরা চাকমা আমাদের কর্মী। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নব্য মুখোশধারীরা জড়িত।’

এ ব্যাপারে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন গণমাধ্যকে জানান, গুলিতে একজনকে হত্যার খবর এইমাত্র পেয়েছি। থানা থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত বলা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ