রাঙ্গামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা নিহত, দুই বোন গুলিবিদ্ধ
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার কুদুকছড়ি আবাসিক এলাকায় এক সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমা নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সোয়া ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ সময় নিহত ধর্মশিং চাকমার দুই বোন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একটি সশস্ত্র গ্রুপ কুদুকছড়ি এলাকায় অবস্থান নেয়। ভোরবেলা তারা ধর্মশিং চাকমাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ভাইকে বাঁচাতে গিয়ে তার দুই বোন ভাগ্য শোভা চাকমা ও কৃপা সোনা চাকমা গুলিবিদ্ধ হন।
ইউপিডিএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সন্তু লারমা সমর্থিত জেএসএসের একটি সশস্ত্র গ্রুপ এই হামলা চালিয়েছে। তবে জেএসএস এই অভিযোগ অস্বীকার করেছে।
আহতদের উদ্ধার করে প্রথমে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. এন্থনী চাকমা বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ভাগ্য শোভা চাকমা ও কৃপা সোনা চাকমাকে হাসপাতালে আনা হয়। আহত দুই নারীর একজনের কনুই এবং অন্যজনের হাতের তালুতে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের রেফার্ড করা হয়েছে।’
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, ‘বিস্তারিত জানার জন্য কাজ চলছে। নিহতের মরদেহ উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল ঘটনাস্থলে যাচ্ছে।‘
স্থানীয় বাসিন্দাদের মতে, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তারের লড়াইয়ে বারবার সাধারণ মানুষই ক্ষতির শিকার হচ্ছে।
পার্বত্য চট্টগ্রামে এই সংঘাত বন্ধে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে