হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ রোববার
গত বছর হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা রোববার (২ মার্চ) প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একইদিন, জাতীয় ভোটার দিবস উদযাপন করবে ইসি। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জনে। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৯৩২ জন।
গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে হালানাগাদ করে ইসির তথ্য সংগ্রহকারীরা মোট ৫০ লাখ ৯০ হাজার ৩৭ জনের তথ্য নিয়েছেন। নিবন্ধন শেষে তারাও ভোটার তালিকায় যুক্ত হবেন।
আগামী বছর, অর্থ্যাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স আঠারো বছর হবে, তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবার।
২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন, তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তর করার তথ্য থাকবে হালনাগাদে।
তথ্য সংগ্রহ শেষে আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হবে ছবি তোলা, আঙুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেয়ার কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে