Views Bangladesh Logo

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারিদের একটি হালনাগাদ তালিকা শিগগিরই প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, মাদকের পাশাপাশি জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধেও সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বা প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাতে কক্সবাজারের হিল ডাউন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘কক্সবাজার জেলায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন’–সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার দীর্ঘদিন ধরে মাদক পাচারের ঝুঁকিপূর্ণ জেলা। বিশেষ করে উখিয়া ও টেকনাফ সীমান্তকে ব্যবহার করে বিভিন্ন সময় মাদক পাচারের চেষ্টা হয়। এ কারণে জেলার শীর্ষ মাদক কারবারিদের শনাক্ত করে একটি হালনাগাদ তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত অভিযান পরিচালনা করবে।

তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। একইভাবে জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধও কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে উখিয়া ও টেকনাফ উপজেলার জেলেদের নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, নিবন্ধনের মাধ্যমে প্রকৃত জেলেদের পরিচয় নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং উপকূলীয় নিরাপত্তা আরও কার্যকর করা সম্ভব হবে।

তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়ে বলেন, সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ দমনে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই।

সভায় কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংসদ সদস্য আলমগীর ফরিদ, মহিলা সংসদ সদস্য শামিমা আরা স্বপ্না, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‍্যাব, কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ