আগামী নির্বাচন হবে জাতির জন্য কঠিন পরীক্ষা: তারেক রহমান
আগামী নির্বাচন জাতির জন্য কঠিন পরীক্ষা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এটি দেশের ইতিহাসে সবচেয়ে কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। কারণ গত ২০ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। এখন আবার তারা ভোট দিতে পারবে, তাই এই নির্বাচন হবে আরও কঠিন।
রবিবার (৮ ডিসেম্বর) রংপুর ও বরিশালে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা। যারা ১৫ বছর ধরে ক্ষমতায় ছিল, তারা এখন নেই। তাদের জনগণের আস্থা হারানোর কারণে পালিয়ে যেতে হয়েছে।
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সকল মত ও দলের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। একসাথে সরকার গঠন করলে সবার অধিকারের কথা বলা যাবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপির প্রতি জনগণের যে আস্থা রয়েছে, তা ধরে রাখতে হবে। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিগত সময়ের মতো জনগণের পাশে দাঁড়াতে হবে। নিজেদের মধ্যে কোনো কোন্দল রাখা যাবে না।
তিনি বলেন, বিএনপির ৩১ দফা শুধু আমাদের দলীয় দাবি নয়, এতে গণতান্ত্রিক অনেক রাজনৈতিক দলের মতামতও রয়েছে। এই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ১৭ বছর ধরে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি এবং জনগণের সমর্থন ছাড়া কোনোভাবেই ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।
রংপুরের শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে শুরু হওয়া কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুর ও বরিশালের নেতাকর্মীদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে