Views Bangladesh Logo

নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের সাধারণ মানুষের পকেট ও বাজারের গতিচিত্রে বড় ধরণের প্রভাব পড়তে যাচ্ছে আসন্ন নতুন অর্থবছর থেকে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের রাজস্ব আয় বাড়াতে বিভিন্ন পণ্য ও সেবা খাতে কর, শুল্ক এবং ভ্যাট বৃদ্ধির বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে আগামী অর্থবছর থেকে বেশ কিছু নিত্য ভোগ্যপণ্য, আমদানিনির্ভর সামগ্রী ও বিলাসী পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম এই পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন করা হবে। সংসদে দেশের এই নতুন বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবারের বাজেটের সম্ভাব্য আকার ও ঘাটতি হতে যাচ্ছে রেকর্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এই বিশাল ব্যয়ের বিপরীতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে সামগ্রিক বাজেট ঘাটতি থাকতে পারে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। নতুন এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে ৬ শতাংশ এবং মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশের মধ্যে বেঁধে রাখার পরিকল্পনা করা হয়েছে।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে করের হার বাড়ানোর কারণে মূলত যেসব পণ্যের বাজারদর বৃদ্ধি পেতে যাচ্ছে, তার বিবরণ নিচে দেওয়া হলো:

সিগারেট ও তামাকজাত পণ্য: প্রস্তাবিত বাজেটে সিগারেটের সব স্তরের মূল্যসীমা বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নিকোটিন পাউচ ও সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর ৩০০ শতাংশ এবং নিকোটিনের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে। এর ফলে সিগারেট ও নিকোটিনজাত পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়বে সম্ভাব্য নতুন মূল্যসীমা অনুযায়ী: নিম্নস্তরের ১০ শলাকার প্যাকেট ৬২ টাকা, মধ্যম স্তরের প্যাকেট ৯২ টাকা, উচ্চ স্তরের প্যাকেট ১৬০ টাকা, অতি-উচ্চ স্তরের প্যাকেট: ২১০ টাকা।


অ্যালকোহল ও মদজাতীয় পানীয়: দেশে উৎপাদিত অ্যালকোহলের ওপর লিটারপ্রতি ৫০০ টাকা নতুন ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত এ জাতীয় পণ্যের খুচরা মূল্য বৃদ্ধি পাবে।

আমদানিকৃত কাজুবাদাম ও বিদেশি মাছ: দেশীয় প্রক্রিয়াজাতকরণ শিল্পকে সুরক্ষা দিতে এবং আমদানি নিরুৎসাহিত করতে কাজুবাদাম আমদানির শুল্ক ৫ শতাংশ থেকে একলাফে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। এছাড়া উচ্চবিত্তের খাদ্য তালিকায় থাকা আমদানিকৃত বিদেশি হিমায়িত মাছের ওপর নতুন করে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হতে পারে।

মাইল্ড স্টিল বা এমএস রড: আবাসন ও অবকাঠামো খাতের জন্য এবার দুঃসংবাদ আসছে। মাইল্ড স্টিল অর্থাৎ এমএস রডের দাম উৎপাদন পর্যায়ে কর ও ভ্যাট প্রায় ১০ শতাংশ বাড়ানো হতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে দেশের আবাসন ও সামগ্রিক নির্মাণ খাতে, যার ফলে ফ্ল্যাট ও ঘরবাড়ির নির্মাণ খরচ এক ধাক্কায় বেশ বেড়ে যাবে।

বিদেশি প্রসাধনী ও বিলাসী সামগ্রী: বিদেশি প্রসাধনী, বিলাসী সামগ্রী, উচ্চমূল্যের প্যাকেটজাত খাদ্যপণ্য এবং নতুন করে আরও ১০টি ক্যাটাগরির পণ্যের ওপর আমদানি পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তুতি চলছে। ফলে শৌখিন ও বিদেশি ব্র্যান্ডের পণ্য কিনতে ক্রেতাদের পকেট থেকে বাড়তি টাকা গুনতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ