দিনাজপুরে ছুটির দিনে অফিসে ডেকে নারী ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সাপ্তাহিক ছুটির দিনে এক নারীকে অফিসে ডেকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী (২৬)। তিনি দুই সন্তানের জননী ও পেশায় গরুর খামারি। ঘটনার পর রাতেই তিনি হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রাত ৮টার দিকে হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে ওই নারীর পূর্বপরিচয় ছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মোবাইল ফোনে ওই নারীকে নিজের কার্যালয়ে ডেকে নেন। সেখানে পৌঁছালে কক্ষের দরজা বন্ধ করে কথোপকথনের এক পর্যায়ে তাকে ধর্ষণ করা হয়।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আগেও নারী সংক্রান্ত বিতর্কের অভিযোগ উঠেছিল।
হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ধর্ষণের মামলায় অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। অভিযুক্তকে শনিবার আদালতে হাজির করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে