Views Bangladesh Logo

উপজেলা জামায়াত আমিরের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, স্কুলে ভাঙচুর-অগ্নিসংযোগ

নওগাঁর বদলগাছীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একটি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শফিউল হাসান দিপুর বিরুদ্ধে। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির। অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার সকালে ভান্ডারপুর এলাকার আলফা কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্কুল ঘেরাও করে ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

স্থানীয়দের ভাষ্য, বৃষ্টির কারণে সেদিন স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এ সুযোগে এক ছাত্রীকে একা পেয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। পরে ওই ছাত্রী বিষয়টি পরিবারকে জানালে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে রয়েছেন।

ভুক্তভোগী ছাত্রীর বাবা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাবি করেন, এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযুক্ত শফিউল হাসান দিপুর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম বলেন, অভিযোগের বিষয়টি তারা খতিয়ে দেখছেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বদলগাছী থানার ওসি রুহুল আমিন জানান, ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও জানিয়েছেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ