Views Bangladesh Logo

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

কক্সবাজারের পেকুয়ায় এক ইউপি সচিবের বাড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল প্রায় ৪০ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ সাড়ে ৮ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে পেকুয়া পৌরসভার প্রস্তাবিত ৯ নম্বর ওয়ার্ডের (সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড) আবদুল হামিদ সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন সৌদি প্রবাসী জমির আলম ও তার ছোট ভাই, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রেজাউল করিম।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ির সামনে রাখা মোটরসাইকেল দেখতে বের হয়ে পাশের একটি দোকানে বসেছিলেন ইউপি সচিব রেজাউল করিম। রাত ৩টার দিকে একটি সাদা রঙের মাইক্রো দ্রুত সড়ক দিয়ে পার হওয়ার কিছু পরেই ৩-৪ জন ব্যক্তি দোকানে এসে তাদের পরিচয় জানতে চায়। একপর্যায়ে ডাকাতদল অস্ত্রের মুখে রেজাউল করিম ও দোকানে থাকা আরও দুজনকে পাশের একটি ফার্নিচারের দোকানে নিয়ে রশি দিয়ে বেঁধে ফেলে।

​পরবর্তীতে রেজাউল করিমকে অস্ত্রের মুখে জিম্মি করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে ৭-৮ জনের মুখোশধারী ডাকাতদল প্রবেশ করে পরিবারের সবাইকে একটি কক্ষে জিম্মি করে ফেলে এবং আওয়াজ করলে গুলি করার হুমকি দেয়। ডাকাতরা রেজাউল করিমের কক্ষ থেকে নগদ সাড়ে ৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ এবং তার বড় ভাই জমির আলমের কক্ষ থেকে আরও আড়াই লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। যাওয়ার সময় প্রমাণের চিহ্ন মুছে ফেলতে ডাকাতদল সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায়।

​খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ