ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোনায়েম হোসেন (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজারের কাছাকাছি কালীশংকরপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মোনায়েম হোসেন কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। পাশাপাশি তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বিকেলে কুষ্টিয়ার আব্দালপুর এলাকায় খেলা দেখতে গিয়েছিলেন মোনায়েম। পরে রাতে ভায়না বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কালীশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তারা।
হামলার পর মোনায়েমের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ভায়না ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার হোসেন জানান, খেলা দেখে রাতে বাজারের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় মোনায়েমের ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়ায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। নিহতের স্ত্রী শিল্পী খাতুন স্বামী হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, হামলার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ হাসপাতাল থেকে আনার পর ময়নাতদন্ত সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন