Views Bangladesh Logo

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা দেওয়ায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

মানিকগঞ্জের হরিরামপুরে মাদকবিরোধী অভিযানে বাধা দেওয়ার অভিযোগে এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রাম থেকে তাদের আটক করা হয়। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন—কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে মো. আলী (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)। এর মধ্যে মো. আলী গালা ইউনিয়ন পরিষদের সদস্য এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, মো. আলীর বিরুদ্ধে আগে থেকেই একাধিক মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। যদিও তিনি বর্তমানে এসব মামলায় জামিনে রয়েছেন। এছাড়া তার ভাই বাতেনের বিরুদ্ধেও ১০-১২টি মাদকসংক্রান্ত মামলা রয়েছে বলে জানান তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালোই গ্রামে মাদকবিরোধী অভিযান চালাতে যায় থানা পুলিশ। এ সময় ইউপি সদস্য আলী অভিযানে বাধা দেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে অশালীন ভাষায় গালাগাল করেন। এতে সরকারি কাজে বিঘ্ন ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকেই আলী মেম্বার ও তার সহযোগী আতাহার গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষায় বিঘ্ন ঘটানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ