Views Bangladesh Logo

চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি আনোয়ারুল

ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সব প্রস্তুতি শেষে চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ইসি কমিশনার বলেন, ইউপি নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ ও ভোটকেন্দ্র নির্ধারণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ চলছে।

আগামী সপ্তাহে ইউপি নির্বাচন নিয়ে কমিশনের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা সূচিকে গুরুত্ব দেওয়া হবে। নভেম্বর ও ডিসেম্বর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় পরীক্ষার সময় এড়িয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। কারণ ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করা হবে এবং শিক্ষকরা ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন।

ভোটার স্থানান্তর নিয়ে নানা ধরনের ধারণার বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ভোটার স্থানান্তর নির্বাচন কমিশনের নিয়মিত কার্যক্রমের অংশ। এর সঙ্গে কোনো বিশেষ উদ্দেশ্য জড়িত নয়। এ কার্যক্রমের জন্য কমিশন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জামায়াতের দাবির প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের রাজনৈতিক সম্পৃক্ততা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক ও নিরপেক্ষ পরিবেশ ব্যাহত করতে পারে বলে কমিশনের পর্যবেক্ষণ। এতে ভোটের দায়িত্ব পালনের ক্ষেত্রে শিক্ষকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কাও রয়েছে।

নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনে নিরাপত্তা ও ভোটের পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ড্রোনও ব্যবহার করা হবে। ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত দুর্বলতা দূর করার কাজও চলছে।

একসঙ্গে দেশের সব ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন করা হবে না জানিয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এত বড় পরিসরে একযোগে নির্বাচন করা কঠিন। তবে নির্বাচনী ব্যয় কমানোর বিষয়টি বিবেচনায় রেখে ধাপে ধাপে ইউপি ভোট আয়োজন করা হবে।

তিনি আরও জানান, সহিংসতামুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। নির্বাচনের সময় ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে সিসি ক্যামেরার পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ