সিলেটে সাদা পাথর লুটের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সাদা পাথর লুটের অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন ও লুটপাটের মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ভোরে নিজ বাসা থেকে আলমগীর আলমকে আটক করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে, ঘটনাটি প্রকাশের পর এটিই প্রথম আটক।
এর আগে বুধবার (১৩ আগস্ট) বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় খনি এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল—লুট হওয়া সাদা পাথর উদ্ধার, এলাকায় সেনাবাহিনীসহ যৌথ বাহিনী মোতায়েন এবং সাদা পাথর স্থানটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা।
গতকাল রাতেই ব্যাপক অভিযান শুরু করে যৌথ বাহিনী। রাত ১১টার মধ্যে লুট হওয়া সাদা পাথর মূল স্থানে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু হয়। ভোলাগঞ্জ এলাকা থেকে উদ্ধারকৃত পাথরগুলোকে পুনরায় নির্ধারিত স্থানে স্থাপন করা হয়। সেই সঙ্গে পুরো এলাকাটি পুনর্গঠনের কাজ চলছে।
প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে