বালু মহালের কর্মীকে মারধরের ভিডিও ভাইরাল, দুঃখ প্রকাশ ইউএনওর
ময়মনসিংহের ত্রিশালে বালু মহালের ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারধর করেছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে ইউএনও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার (১২ আগস্ট) রাতে ত্রিশালের কালীরবাজার এলাকার একটি বালু মহালে ওই কর্মীকে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আরাফাত সিদ্দিকী বৃহস্পতিবার তার কার্যালয়ে যাননি বলে জানা গেছে।
ঘটনার মীমাংসায় বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমানের পরিচালিত একটি হাসপাতালে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে ইউএনও আরাফাত সিদ্দিকী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও বলেন, সরকারি দায়িত্ব পালনের সময় হঠাৎ করে ওই ঘটনা ঘটে যায়। নিজের আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
এর আগে বুধবার রাতে কালীরবাজার এলাকার বালু মহালে ইজারাদারের এক কর্মীকে ইউএনও মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
মতামত দিন