Views Bangladesh Logo

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।

শনিবার দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। হামলাকারীরা ইউএনওর নিরাপত্তায় থাকা আনসার সদস্যকে মারধর করে তাঁর সরকারি অস্ত্র কেড়ে নেওয়ারও চেষ্টা করে। আহত আনসার সদস্যকে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জ্বালানি তেল সংগ্রহের জন্য ওই ফিলিং স্টেশনে মোটরসাইকেলচালকদের দীর্ঘ লাইন পড়ে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, লাইনে থাকা অধিকাংশ চালকের কাছে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না। ফলে বৈধ কাগজপত্রধারী চালকেরা তেল পাচ্ছিলেন না এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে কর্তৃপক্ষ ইউএনওকে অবহিত করলে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঘটনাস্থলে যান।

সেখানে পৌঁছে ইউএনও ঘোষণা করেন, ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র না থাকলে লাইন ছেড়ে চলে যেতে হবে। এ সময় দুজন চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার পরপরই অপর দিক থেকে শতাধিক লোকের একটি মিছিল এসে ইউএনও ও তাঁর সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা আনসার সদস্যের ওপর চড়াও হয়ে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও স্থানীয়দের সহায়তায় পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে দেবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নিরাপদে উপজেলায় নিয়ে আসে।

ইউএনও সবুজ কুমার বসাক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কাগজপত্রবিহীন চালকদের চলে যেতে বলায় এবং দুজনকে জরিমানা করায় শতাধিক লোক মিছিল নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার বডিগার্ডের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ