মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে মামলাটি করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, রোববার রাতে নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া মামলাটি করেন।
এদিকে, সোমবার মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন করেন।
এর আগে, ফার্মগেটের মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিলারের ওপর থেকে মেট্রোলাইনের শক অ্যাবজরভারের বিয়ারিং প্যাড খুলে পড়ে রোববার দুপুরের দিকে আবুল কালাম আজাদ (৩৫) নামে এক পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারান। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবুল কালাম এক ছেলে ও এক মেয়ের বাবা। ওই সময় তিনি ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এই ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে এবং প্রতিবেদনে এ ধরনের দুর্ঘটনা এড়াতে করণীয় নিয়ে সুপারিশও থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে