Views Bangladesh Logo

খুলনায় ছাত্রাবাসে ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা

খুলনায় একটি ছাত্রাবাসে ‘ভাত চুরি করে খাওয়ার’ অপবাদ দিয়ে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশের ইসলামনগর রোডের একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। নিহত আজমুল হোসেন (২১) বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

নিহত আজমুল হোসেন চুয়াডাঙ্গার দর্শনা এলাকার বড় শলুয়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। পড়াশোনার জন্য প্রায় এক বছর আগে খুলনায় এসে ওই ছাত্রাবাসে ওঠেন তিনি। তবে তাঁর বাবা জানিয়েছেন, মাত্র ১০ দিন আগে তিনি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শুক্রবার রাতে ছাত্রাবাসে মারধরের পর গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ও ছাত্রাবাসের কয়েকজনের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে ছাত্রাবাসের ব্যবস্থাপকের ভাত আজমুল খেয়ে ফেলেছেন বলে অভিযোগ ওঠে। এরপর ভাত চুরির অপবাদ দিয়ে ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী ও বাইরে থেকে আসা কয়েকজন তাঁকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে ভবনের ছাদে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ। পরে আশপাশের বাসিন্দারা জোরে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে বাইরে এসে গলিতে আজমুলকে পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, আজমুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং তাঁর দুই পা ভাঙা অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে চলে যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

নিহতের বাবা কুতুব উদ্দিন বলেন, শুক্রবার রাত ৯টার দিকে ছেলের সঙ্গে সর্বশেষ ফোনে কথা হয়। তখন আজমুল তাঁকে ভালো থাকার কথা জানিয়েছিলেন। পরে রাত ১২টার পর ছেলের ফোন থেকে এক ব্যক্তি কল করে আজমুল ঝামেলা করেছেন জানিয়ে দ্রুত এক লাখ টাকা নিয়ে খুলনায় আসতে বলেন। টাকা না আনলে ছেলেকে পাওয়া যাবে না বলেও ওই ব্যক্তি হুমকি দেন বলে অভিযোগ করেন কুতুব উদ্দিন। পরে সকালে খুলনায় এসে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। কুতুব উদ্দিনের দাবি, তাঁর ছেলে কোনো অপরাধ করেনি। তিনি গরিব কৃষক হওয়ায় ছেলের হত্যার বিচার নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেন।

ঘটনার বিষয়ে হরিণটানা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের বাবা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন। খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবির বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আইনগতভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কানাই লাল সরকার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজমুলের পরিবারের পাশে থাকার পাশাপাশি আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিনও জানিয়েছেন, ঘটনা বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে হলেও তদন্তে পুলিশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ