লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: পানিসম্পদমন্ত্রী
লক্ষ্মীপুরে দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অভিযোগ তুলে জেলা উন্নয়নে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, লক্ষ্মীপুরে একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ এবং একটি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে বড় পরিবর্তন আসবে।
শুক্রবার (১৫ মে) বিকেলে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সভায় এ্যানি চৌধুরী বলেন, আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি। আমরা যেন আর অবহেলিত না থাকি, উপেক্ষিত না হই। চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করেছি।
তিনি আরও বলেন, জেলার বিভিন্ন উন্নয়ন খাতে দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা লক্ষ্মীপুরকে এগিয়ে নিতে হবে।
রাস্তা-ঘাট, জলাবদ্ধতা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলেন, এসব সমস্যা থেকে বেরিয়ে আসা এখন জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়া, জেলা পিপি আহমেদ ফেরদৌস মানিকসহ স্থানীয় নেতারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে