বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা যুক্তরাষ্ট্রের
ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৭ মে) প্রধান কোচ মাউরিসিও পচেত্তিনো আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াড ঘোষণা করেন।
আয়োজক দেশ হিসেবে এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। তাই অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে শক্তিশালী দল গড়েছেন পচেত্তিনো।
দলের অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিমকে। বিশ্লেষকদের মতে, তরুণ খেলোয়াড়দের নেতৃত্ব দিতে এবং দলের ভারসাম্য ধরে রাখতে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গোলরক্ষক বিভাগে জায়গা পেয়েছেন ক্রিস ব্র্যাডি (শিকাগো ফায়ার এফসি), ম্যাট ফ্রিজ (নিউইয়র্ক সিটি এফসি) এবং ম্যাট টার্নার (নিউ ইংল্যান্ড রেভল্যুশন)।
রক্ষণভাগে রয়েছেন সার্জিনো ডেস্ট (পিএসভি), অ্যান্টোনি রবিনসন (ফুলহ্যাম), ক্রিস রিচার্ডস (ক্রিস্টাল প্যালেস), জো স্ক্যালি (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), মাইলস রবিনসন (এফসি সিনসিনাটি), ম্যাক্স আরফস্টেন (কলম্বাস ক্রু), অ্যালেক্স ফ্রিম্যান (ভিয়ারিয়াল), মার্ক ম্যাকেঞ্জি (তুলুজ) এবং অস্টন ট্রাস্টি (সেলটিক)।
মধ্যমাঠে কোচ পচেত্তিনো ভরসা রেখেছেন টাইলার অ্যাডামস (বোর্নমাউথ), ওয়েস্টন ম্যাককেনি (ইউভেন্টাস), জিওভান্নি রেইনা (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), ব্রেন্ডেন অ্যারনসন (লিডস ইউনাইটেড), মালিক টিলম্যান (বায়ার লেভারকুসেন), ক্রিস্টিয়ান রোলদান (সিয়াটল সাউন্ডার্স), সেবাস্টিয়ান বারহাল্টার (ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস) এবং টিম ওয়েহ (মার্সেই)-এর ওপর।
আক্রমণভাগে নেতৃত্ব দেবেন তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচ (এসি মিলান)। তার সঙ্গে রয়েছেন আলেহান্দ্রো জেনদেহাস (ক্লাব আমেরিকা), ফোলারিন বালোগুন (মোনাকো), রিকার্ডো পেপি (পিএসভি) এবং হাজি রাইট (কভেন্ট্রি সিটি)।
ইউরোপভিত্তিক তারকা ফুটবলার ও মেজর লিগ সকারের প্রতিভাবান খেলোয়াড়দের সমন্বয়ে গড়া এই দল নিয়ে ঘরের মাঠের বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র। ২০২৬ বিশ্বকাপে স্বাগতিকদের পারফরম্যান্স নিয়ে ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে