Views Bangladesh Logo

সফলতা আর স্বপ্ন নিয়ে ব্যতিক্রমী মেলা

 VB  Desk

ভিবি ডেস্ক

যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মেলা। এডুকো বাংলাদেশ, নারী মৈত্রী এবং সচেতন সোসাইটির আয়োজনে বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ‘অ্যাচিভমেন্ট ফেয়ার’-এ ঢাকা ও রাজশাহী জেলার মেধাবী তরুণ-তরুণীদের সফলতার গল্প ও স্বপ্নের পথচলা তুলে ধরা হয়। অংশগ্রহণকারী এই তরুণ-তরুণীরা কেউ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কারাতে’তে স্বর্ণপদক জয় করেছে, আবার কেউ বক্সিং ও ক্রিকেটে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তাদের মধ্যে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও চিত্রশিল্পীও। দারিদ্রতাকে পেছনে ফেলে আজ যারা নিজ প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাদের এই সাফল্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এডুকো বাংলাদেশের অর্থায়নে পরিচালিত ‘স্টারস’ প্রকল্পের মাধ্যমে গত এক বছরে ৬১ জন দরিদ্র কিন্তু মেধাবী তরুণ-তরুণীকে দেওয়া হয়েছে মেধাবৃত্তি ও জীবনমুখী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ। এই প্রকল্পের সহায়তায় তারা আজ সব বাধা পেরিয়ে তাদের স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, আর প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান। তরুণদের এই সফলতার গল্প উদযাপন করতে এবং ভবিষ্যতের পথচলাকে আরও শক্তিশালী করতে মেধাবীদের সাথে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এম এ আখের; এডুকো বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক মো. আব্দুর রহিম; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা; বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম; কলেজের প্রভাষকবৃন্দ, অভিভাবক এবং সাংবাদিকরা। অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক মো. হাসিনুল ইসলাম।

এডুকোর প্রোগ্রাম পরিচালক বলেন, এই অর্জন পুরো দেশের অর্জন। তিনি উল্লেখ করেন, মেধাবীদের জন্য সরকারি পর্যায়ে সুযোগ তৈরি করা জরুরি এবং এডুকো বাংলাদেশ আরও সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে।

প্রধান অতিথি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সব সময় যুবদের উন্নয়নের জন্য কাজ করে এসেছে, এবং আগামীতে এই উদ্যোগ আরও ব্যাপকভাবে বাস্তবায়িত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ