Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে রহনপুর কলেজ মোড় এলাকায় রেলসেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

আমনূরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, রহনপুর রেলস্টেশন থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রহনপুর স্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে রহনপুরগামী একটি কমিউটার ট্রেন ঘটনাস্থলের কাছাকাছি আসার আগে ওই নারী রেললাইনের পাশে অবস্থান করছিলেন। স্থানীয় কয়েকজন নারী তাকে রেললাইনের দিকে এগিয়ে যেতে দেখে বাধা দেওয়ার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাধা উপেক্ষা করে ওই নারী ট্রেনের সামনে এগিয়ে গেলে ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আমনূরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ওই নারী কেন রেললাইনে গিয়েছিলেন, সে বিষয়ে পুলিশ তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ