Views Bangladesh Logo

ইউনেসকোর স্বীকৃতি পেল চলনবিলের ভাসমান বিদ্যালয়

চলনবিল অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে ভাসমান বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা পৌঁছে দেওয়ার স্বীকৃতিস্বরূপ ‘ইউনেসকো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার-২০২৫’ অর্জন করেছে বাংলাদেশের ‘সিধুলাই স্বনির্ভর সংস্থা’। বুধবার বিকেলে রাজধানীর হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারটি তুলে দেওয়া হয় এর উদ্ভাবক মোহাম্মদ রেজোয়ানের হাতে।

‘সিধুলাই স্বনির্ভর সংস্থা’র ভাসমান বিদ্যালয় প্রকল্প বাংলাদেশের বৃহত্তম জলাভূমি অঞ্চল চলনবিলের জলপথে শিক্ষাসহায়তা দিচ্ছে। দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে, বিশেষ করে বর্ষাকালে, স্থানীয় শিশুদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া অত্যন্ত কঠিন। এ প্রেক্ষাপটে শ্রেণিকক্ষের সব সুবিধাসম্পন্ন নৌকাভিত্তিক এই ভাসমান বিদ্যালয় নতুন শিক্ষার সুযোগ তৈরি করছে।

বর্তমানে ‘সিধুলাই’ ৫৬টি নৌকা পরিচালনা করছে। এর মধ্যে ২৬টি ভাসমান শ্রেণিকক্ষ, ১০টি ভাসমান গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব এবং আটটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্য নৌকাগুলো স্বাস্থ্যসেবা, খেলাধুলা ও পরিবহন কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে। প্রতিটি নৌকায় সৌরবিদ্যুতের ব্যবস্থা রয়েছে।

সিধুলাই স্বনির্ভর সংস্থার নির্বাহী পরিচালক স্থপতি মোহাম্মদ রেজোয়ান বলেন, ‘স্থানীয় মানুষের জ্ঞান, অভিজ্ঞতা ও অংশগ্রহণকে ভিত্তি করেই টেকসই সমাধান গড়ে ওঠে। এই স্বীকৃতি দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করা অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও মানুষের কাছে পৌঁছানোর অনুপ্রেরণা।’

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকায় শিক্ষা পৌঁছে দিতে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্যোগগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম শুধু শিক্ষায় অন্তর্ভুক্তিই বাড়ায় না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে আরও সক্ষম ও আত্মবিশ্বাসী করে তুলতেও সহায়তা করে।

‘সিধুলাই স্বনির্ভর সংস্থা’র পাশাপাশি চলতি বছর এ পুরস্কার পেয়েছে আয়ারল্যান্ডের ন্যাশনাল অ্যাডাল্ট লিটারেসি এজেন্সি (নালা) ও মরক্কোর শিক্ষা মন্ত্রণালয়। ১৯৬৭ সাল থেকে সাক্ষরতা ক্ষেত্রে উৎকর্ষতা ও উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ ইউনেসকো আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার দিয়ে আসছে। চীন সরকারের আর্থিক সহায়তায় দেওয়া এ পুরস্কারের অর্থমূল্য ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ থেকে এর আগে ফ্রেন্ডশিপ ২০২৩ সালে এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ২০১৩ সালে এই পুরস্কার অর্জন করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ