Views Bangladesh Logo

সিলেটে ৪ বছরের শিশুকে নির্যাতনের পর হত্যায় গ্রেপ্তার চাচা

সিলেটের সদর উপজেলায় চার বছরের শিশু ফাহিমা আক্তারকে হত্যার অভিযোগে জাকির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির নিহত শিশুর প্রতিবেশী এবং সম্পর্কে তার চাচা বলে জানা গেছে।

এদিকে জাকিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রাতে নগরীর জালালাবাদ থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয় জনতা। একপর্যায়ে মধ্যরাতে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জাকিরের বাড়িতে হামলা চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু ফাহিমাকে নানা প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নেয় জাকির। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালায় সে। নির্যাতনের একপর্যায়ে ফাহিমা মারা গেলে জাকির তার স্ত্রীর ওড়না দিয়ে মরদেহ পেঁচিয়ে একটি ব্যাগে ভরে রাখে। পরে সুযোগ বুঝে ওড়নাসহ মরদেহটি বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেয়। গত শুক্রবার ওই ডোবা থেকে নিখোঁজ ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, মরদেহ উদ্ধারের পর নিহত ফাহিমার মা থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তী সময়ে পুলিশি অভিযানে অভিযুক্ত জাকিরকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ