ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বছরের ভাতিজি হত্যার অভিযোগে চাচা আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পানি খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ৭ বছরের ভাতিজি মাহিদাকে হত্যার অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত চাচা জাহিদুলকে (১৭) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
নিহত মাহিদা ওই গ্রামের সৌদি প্রবাসী মোজাম্মেল মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর জাহিদুল পানি খাওয়ানোর কথা বলে মাহিদাকে একটি ফাঁকা বসতঘরে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে নির্যাতন করা হয় বলে পরিবারের অভিযোগ। একপর্যায়ে মাহিদাকে হত্যা করে সেখান থেকে পালানোর চেষ্টা করে জাহিদুল।
এদিকে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মাহিদার মা মনিরা বেগম। একপর্যায়ে সন্দেহ হলে তিনি জাহিদুলের ঘরে গিয়ে মাহিদাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনির হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
সরাইল-আশুগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, হত্যার অভিযোগে জাহিদুলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
মতামত দিন