Views Bangladesh Logo

বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপ দেখা নিয়ে শঙ্কা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

চার বছর পর আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আয়োজন। তবে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জানা গেছে, ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব এখনও কিনতে পারেনি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। একই সঙ্গে দেশের কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মও এখন পর্যন্ত এই স্বত্ব কেনেনি। ফলে বিশ্বকাপ দেখা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।

ফিফার নীতিমালা অনুযায়ী, অনুমোদন ছাড়া বিদেশি কোনো চ্যানেলের সম্প্রচার অন্য দেশে সরাসরি দেখানো যায় না। এ কারণে স্থানীয় কোনো প্রতিষ্ঠান সম্প্রচার স্বত্ব না কিনলে বাংলাদেশের দর্শকদের জন্য বিশ্বকাপের খেলাগুলো দেখা কঠিন হয়ে পড়বে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড। বাংলাদেশি টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে তাদের কাছ থেকেই এই স্বত্ব কিনতে হবে।

প্রতিটি বিশ্বকাপেই বিটিভি দর্শকদের জন্য খেলা সম্প্রচার করলেও এবার উচ্চমূল্যের কারণে বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়েছে। বিটিভির একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপ সম্প্রচার স্বত্বের বিনিময়ে স্প্রিংবক পিটিই প্রায় ১৫১ কোটি টাকা দাবি করেছে। কর ও অন্যান্য ব্যয় যোগ করলে মোট খরচ প্রায় ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।

চুক্তির শর্ত অনুযায়ী, মোট অর্থের অর্ধেক ১০ মের মধ্যে এবং বাকি অর্থ ১০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে। এই স্বত্বের আওতায় উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ মোট ১০৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার এবং হাইলাইটস দেখানোর সুযোগ থাকবে।

এদিকে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে বিটিভিকে সরাসরি ফিফার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মূলত বিনামূল্যে বা কম মূল্যে সম্প্রচারের কোনো সুযোগ পাওয়া যায় কি না, তা যাচাই করাই ছিল এর উদ্দেশ্য। জানা গেছে, এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত বিটিভি ফিফাকে দুটি ই-মেইল পাঠালেও এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

সংশ্লিষ্টদের মতে, এমন অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হলে এবারের বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হতে পারেন বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ