Views Bangladesh Logo

অনুমতি ছাড়া হজে গেলে কঠোর শাস্তি, বাংলাদেশিদের সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

অনুমতি ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা ঠেকাতে এবার আরও কঠোর হলো সৌদি আরব। বৈধ হজ পারমিট ছাড়া হজ করতে গেলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানার পাশাপাশি বিদেশিদের বহিষ্কার ও দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এ পরিস্থিতিতে সৌদির নির্ধারিত হজবিধি কঠোরভাবে মেনে চলতে বাংলাদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ মৌসুমে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি সরকার বিধিনিষেধ আরও জোরদার করেছে। বৈধ হজ অনুমতি ছাড়া হজ পালন বা তার চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি সৌদি আরব থেকে বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।

এছাড়া অবৈধভাবে হজ পালনে সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। অবৈধ হাজিদের পরিবহন, আবাসনের ব্যবস্থা বা অন্য যেকোনো ধরনের সহযোগিতা করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। অপরাধীর সংখ্যা বাড়লে জরিমানার পরিমাণও বৃদ্ধি পাবে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, এই বিধান ট্রাভেল এজেন্সি, আবাসন সেবাদাতা, যানবাহনের মালিক এবং অবৈধ হাজিদের আশ্রয়দাতাসহ সংশ্লিষ্ট সবার জন্য প্রযোজ্য। এসব কাজে ব্যবহৃত যানবাহন আইনি প্রক্রিয়া শেষে জব্দ করারও সতর্কবার্তা দিয়েছে সৌদি সরকার।

সংশোধিত নিয়ম অনুযায়ী, শুধুমাত্র অনুমোদিত হজ পারমিটধারীরাই মক্কা ও নির্ধারিত পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। সৌদিতে অবস্থানরত নাগরিক ও প্রবাসীসহ সব হাজির ক্ষেত্রেই এ নিয়ম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত ভিজিট ভিসাধারীরা বৈধ হজ অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ বা সেখানে অবস্থান করতে পারবেন না।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিক, বাসিন্দা এবং সব ধরনের ভিসাধারীকে নির্ধারিত আইন ও বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি আইন লঙ্ঘনের তথ্য জানাতে প্রধান অঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ