Views Bangladesh Logo

অনুমোদনহীন টুপটুপ রিসোর্ট, অগ্রাহ্য করা হয় অগ্নিনিরাপত্তার নোটিশ: ফায়ার সার্ভিস

কক্সবাজারের ইনানী সৈকতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্টটি সরকারি কোনো সংস্থার অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। কাঠ ও হার্ডবোর্ড দিয়ে তৈরি রিসোর্টটিতে ছিল না প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা। এ বিষয়ে গত জুনে ফায়ার সার্ভিসের দেওয়া নোটিশও উপেক্ষা করা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক সুলতানুল আরেফিন জুনায়েদ।

তিনি বলেন, রিসোর্টটির নিচতলায় একটি রেস্তোরাঁ ছিল। সেখানে রান্নার সময় আগুনের সূত্রপাত হয়। অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার জন্য গত জুনে রিসোর্ট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশনা উপেক্ষা করেই রিসোর্টটির কার্যক্রম চালানো হচ্ছিল।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে রিসোর্টটির অবস্থান হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।

তিনি আরও বলেন, ইনানী এলাকার অধিকাংশ ইকো রিসোর্টেও প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা নেই। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটন করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ইনানী সৈকত এলাকায় একটি ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে ইনানী সৈকতের টুপটুপ রিসোর্টে আগুন লাগে। খবর পেয়ে সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট। সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ঘটনায় মোট ১০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ