মৃত্যুদণ্ডের বিধান থাকায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকায় জাতিসংঘ তাদের ‘ফ্যাক্ট-ফাইন্ডিং’ প্রতিবেদনে ব্যবহৃত প্রত্যক্ষদর্শীদের পরিচয় ও তথ্য সরবরাহ করেনি বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে মামলার শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এ তথ্য জানান।
প্রসিকিউটর বলেন, জাতিসংঘের প্রতিবেদনে ব্যবহৃত সব সাক্ষীর তথ্যসূত্র সংরক্ষিত রয়েছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হলে তবেই প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়া হবে বলে জাতিসংঘ জানিয়েছিল। এ কারণে প্রসিকিউশন জাতিসংঘের প্রত্যক্ষদর্শীদের তথ্য পায়নি, যদিও তারা নিজেদের সাক্ষী আদালতে উপস্থাপন করছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৪ থেকে ১৭ জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নির্দেশনার বিষয়টি জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাবলি নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) একটি ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি প্রস্তুতের জন্য দেশের বিভিন্ন এলাকায় ২৩০টির বেশি প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং সরকার, নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পৃথক সাক্ষাৎকার নেওয়া হয়।
এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আসামি রয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ।
মতামত দিন