বাংলাদেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণে সব পক্ষের অংশগ্রহণ চায় জাতিসংঘ
বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণে যে সকল কর্তৃপক্ষ- রাজনৈতিক, সামরিক এবং অন্য কেউ ভূমিকা রাখবে তারা যেন একসঙ্গে কাজ করে সেই বিষয়টি নিশ্চিত করতে চায় জাতিসংঘ।
জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, ‘আমরা এই অঞ্চলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং আমাদের টিম বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে। আমরা দেখি, এটি নিয়ে আমরা কতদূর যেতে পারি। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি খুব দ্রুত গতিতে এগোচ্ছে।অস্থিরতা কমলে কী হয়, তা আমাদের দেখতে হবে।’
সোমবার (৫ আগস্ট) নিউইয়র্কে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
ফারহান হক বলেন, তারা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং শান্ত ও সংযম থাকার আহ্বান অব্যাহত রেখেছেন।
এ সময় সব পক্ষকে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র বলেন, ‘আমরা নিরাপত্তা বাহিনীকে ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য শহরের রাস্তায় বের হওয়া লোকদেরকে রক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি।’
ফারহান হক বলেন, ‘আমরা এই সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং তাদের গণতান্ত্রিক ও মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানানোর আহ্বান জানাচ্ছি।’
এ ছাড়াও একটি "শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক" উত্তরণের গুরুত্বের উপর জোর দেয়ার পাশাপাশি ছাত্র-জনতা আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত যা ঘটেছে সে সম্পর্কিত সব ধরনের সহিংসতার পূর্ণাঙ্গ, স্বাধীন ও নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
প্রসঙ্গত, এক দফা দাবিতে দেশে চলমান উদ্ভুত পরিস্থিতির মধ্যে সোমবার দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সামরিক হেলিকপ্টারযোগে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যাওয়ার পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে