সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাখ্রোয়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২১ এপ্রিল) ঢাকা সেনানিবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি জ্যাঁ-পিয়ের লাখ্রোয়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তিনি শান্তিরক্ষা মিশনে মোতায়েনের জন্য প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। এ ছাড়া, বেসামরিক প্রশাসনকে সহায়তায় বর্তমানে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন তিনি।
পোস্টে আরও বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়মিত ও ভবিষ্যৎ অংশগ্রহণে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আন্ডার সেক্রেটারি জেনারেলকে আশ্বস্ত করেন সেনাবাহিনী প্রধান। তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার আগামীতেও অটুট থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে