Views Bangladesh Logo

রোহিঙ্গা শরণার্থীদের রেশন অর্ধেক কমিয়ে মাসে ৬ ডলার করবে জাতিসংঘ

 VB  Desk

ভিবি ডেস্ক

হবিল না পাওয়ায় আগামী মাস থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য রেশন ১২.৫০ ডলার থেকে কমিয়ে ৬ ডলার করবে জাতিসংঘ। এতে বিশ্বের বৃহত্তম শরণার্থী আশ্রয়স্থলটিতে ক্রমবর্ধমান ক্ষুধার সংকট তৈরির শঙ্কা দেখা দিয়েছে।

শরণার্থী শিবির তত্ত্বাবধানকারী বাংলাদেশের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মঙ্গলবার (৪ মার্চ) আমাকে মৌখিকভাবে জানানো হয়েছিল। বুধবার (৫ মার্চ) মাসিক ৬.৫০ ডলার কমানোর চিঠি পেয়েছি, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে’।

‘তারা এখন যা পাচ্ছেন, তাই যথেষ্ট নয়। এই নতুন কর্তনের পরিণতি কল্পনা করা কঠিন’- বলেন তিনি।

ঢাকায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেননি।

বাংলাদেশ প্রতিবেশী মিয়ানমারে ২০১৬ এবং ২০১৭ সালে সহিংস নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিচ্ছে, যারা দক্ষিণ কক্সবাজার জেলার জনাকীর্ণ ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছেন। সেখানে তাদের চাকরি বা শিক্ষার সুযোগ সীমিত।

গত বছর আরও প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন, যার একটি কারণ, তাদের নিজ রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান ক্ষুধার সংকট।

মিজানুর রহমানকে লেখা চিঠিতে ডব্লিউএফপি জানিয়েছে, তারা প্রতি মাসে ১২.৫০ ডলারের রেশন রাখতে তহবিল সংগ্রহের চেষ্টা করছে। কিন্তু দাতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।

৬ ডলারের কম রেশনে ‘ন্যূনতম বেঁচে থাকার স্তরের নিচে নেমে যাবে এবং মৌলিক খাদ্য চাহিদা পূরণে ব্যর্থ হবে’- স্বীকার করেছে সংস্থাটিও।

ডব্লিউএফপি জানিয়েছে, ‘মানবিক সাহায্যে শরণার্থীদের সম্পূর্ণ নির্ভরতায়’ এই কাটছাঁট মৌলিক চাহিদা পূরণে লড়াই করা পরিবারগুলোকে চাপে ফেলবে এবং ‘ক্যাম্পের ভেতরে ক্রমবর্ধমান উত্তেজনা’ আরও বাড়িয়ে তুলবে।

তারা বলেছে, ‘তহবিলের জন্য একাধিক দাতার কাছে আবেদন করেছে তারা এবং কেবল ব্যয় সাশ্রয় ব্যবস্থাই যথেষ্ট নয়’।

মিজানুর রহমান বলেন, ‘ডব্লিউএফপি স্পষ্ট করে বলেনি, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিশ্বজুড়ে বিদেশি সাহায্য কমানোর সিদ্ধান্তের কারণে এই কমানো হয়েছে কি না’।

তবে তিনি বলেন, ‘এটিই সম্ভাব্য কারণ। মার্কিন যুক্তরাষ্ট্র শরণার্থীদের শীর্ষদাতা দেশ’।

তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি ঢাকাস্থ মার্কিন দূতাবাসও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ