Views Bangladesh Logo

ইসরায়েলি বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনার ক্ষতি হয়নি: জাতিসংঘ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলায় দেশটির পরমাণু কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ‘পারমাণবিক ও অন্য তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা ও সুরক্ষা বিপন্ন করতে পারে, এমন পদক্ষেপ থেকে বিচক্ষণতা ও সংযম’ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ইরানের পরমাণু স্থাপনায় কোনো প্রভাব পড়েনি’।

ইসরায়েলে গত ১ অক্টোবরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে শনিবার (২৬ অক্টোবর) ইরানের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় দেশটি।

প্রথমবারের মতো প্রকাশ্যে ইরানে হামলা চালানোর পর ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের বিমান হামলা ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানি স্থাপনাগুলোর পাশাপাশি আঘাত করেছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সাইটগুলোতেও।

তবে ইরানের তেল বা পরমাণু স্থাপনায় হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। দেশটির রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমও জোর দিয়ে বলেছে, এই হামলায় কেবল ‘সীমিত ক্ষতি’ হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, উভয়পক্ষের সংযত প্রতিক্রিয়া অন্তত আপাতত ইঙ্গিত দেয় যে, আরও গুরুতর উত্তেজনা এড়ানোর চেষ্টা করছে দুই দেশই।

কিন্তু মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান সহিংসতার সময় এই হামলা চিরশত্রু দেশগুলোকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি বাড়িয়েছে, যখন লেবাননের হিজবুল্লাহ ও গাজার হামাসসহ ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং ভবিষ্যতে হামলার বিষয়ে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, ইরানের শত্রুদের জানা উচিত, এই সাহসী লোকগুলো তাদের ভূমি রক্ষায় নির্ভীকভাবে দাঁড়িয়েছে এবং তারা যেকোনো বোকামির জবাব কৌশল ও বুদ্ধিমত্তার সঙ্গে দেবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ