মিয়ানমারকে অস্ত্র, জ্বালানি, বৈদেশিক মুদ্রা সরবরাহ বন্ধের আহ্বান
জাতিসংঘ মানবাধিকার প্রধান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার জান্তার অস্ত্র, বিমানের জ্বালানি ও বৈদেশিক মুদ্রার সরবরাহ বন্ধ করার জন্য ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ নিতে হবে, যেন তারা জনগণের ওপর নৃশংসতা চালাতে না পারে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক শুক্রবার (১ মার্চ) জেনেভায় মানবাধিকার পরিষদে বলেন, “রোহিঙ্গাসহ দেশটির সব মানুষের বিরুদ্ধে নৃশংসতা প্রতিরোধে নতুন করে শক্তি নিবদ্ধ করার জন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আবার আহ্বান জানাচ্ছি।”
তিনি বলেন, “দেশগুলোর উচিত সামরিক বাহিনীর হাতে অস্ত্র, জেট ফুয়েল ও বৈদেশিক মুদ্রার সহজলভ্যতা বন্ধ করা, যেসব জিনিস বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে দমনাভিযান চালিয়ে যেতে তাদের প্রয়োজন পড়ে।”
উল্লেখ্য, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে অশান্তি বিরাজ করছে। মিয়ানমারের সামরিক শাসকরা বরাবরই রোহিঙ্গাদের ‘বিদেশি অনুপ্রবেশকারী’ হিসেবে দেখে এবং তাদেরকে নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানায়।
ভলকার তুর্ক বলেন, “দশকের পর দশক ধরে বৈষম্য, নিপীড়ন, জোর করে ব্যাপক বাস্তুচ্যুতি ও অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পর রোহিঙ্গারা আজ মূলত বিভিন্ন গ্রাম ও বন্দিশিবিরে বন্দি হয়ে আছে।”
তিনি বলেন, “মিয়ানমারে নিপীড়ন ও সংঘাত থেকে পালিয়ে আসা মানুষদের আন্তর্জাতিক শরণার্থী সুরক্ষা নিশ্চিত করার জন্য আমি সব সদস্য রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছি।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে