জাতিসংঘের প্রতিবেদন প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান বিচারকার্যের একটি অবিসংবাদিত প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তাজুল ইসলাম বলেন, ‘জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ছাত্র আন্দোলনকারীদের নির্মূল করতে একটি ব্যাপক ও পরিকল্পিত হামলা চালিয়েছে। এটি মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট ও শক্তিশালী প্রমাণ।’
তিনি বলেন, ‘ওএইচসিএইচআর প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, শেখ হাসিনার চূড়ান্ত দায়বদ্ধতার অধীনে এই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।’
প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘জাতিসংঘের তদন্ত ও আমাদের নিজস্ব তদন্তের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। জাতিসংঘের প্রতিবেদন সুপারিশ করেছে যে, বিচার প্রক্রিয়া অবাধ ও নিরপেক্ষ করতে এ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের রাষ্ট্রীয় বাহিনী থেকে সাময়িক বরখাস্ত করা উচিত। যদি এসব কর্মকর্তা বরখাস্ত বা অপসারণ না হন, তবে সাক্ষীরা ভয় পাবে, যা বিচারিক প্রক্রিয়াকে ব্যাহত করবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে