আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ দূতের আহ্বান
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. ক্যারি। রোহিঙ্গা সংকট সমাধানে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায় বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আট দিনের বাংলাদেশ সফর শেষে আজ বুধবার জাতিসংঘের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কেলি ই. ক্যারি।
তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা চালানো হয়েছে, তা নিয়ে কোনো দ্বিধা বা সন্দেহের অবকাশ নেই। দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এ বিষয়ে কেলি ই. ক্যারি বলেন, রায়ের আগে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে চান না তিনি। তবে আদালত মিয়ানমার সরকার, সংশ্লিষ্ট ব্যক্তি বা রাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন।
রায় ঘোষণার পর তা বাস্তবায়নে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিজেদের গণতান্ত্রিক দাবি করেও যেসব দেশ মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে, তাদের সমালোচনা করে তিনি এ অবস্থানকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।
সফরকালে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে কেলি ই. ক্যারি বলেন, রোহিঙ্গাদের মধ্যে এখনো গভীর আতঙ্ক বিরাজ করছে। তবে অনুকূল পরিবেশ পেলে তাঁরা নিজ দেশে ফিরে যেতে চান।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে কীভাবে এবং কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখেছেন বলেও জানান তিনি। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান জাতিসংঘের এই দূত।
মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট নিরসনে রোহিঙ্গাসহ দেশটির অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণে সংলাপ আয়োজনের জন্য আঞ্চলিক দেশগুলোর প্রতি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, মার্কিন মানবাধিকার আইনজীবী ও সাবেক কূটনীতিক কেলি ই. ক্যারি ২০২৬ সালের মে মাসে টম অ্যান্ড্রুজের স্থলাভিষিক্ত হয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে নিযুক্ত হন।
মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি, রাখাইনে চলমান সশস্ত্র সংঘাত এবং শরণার্থীদের অবস্থা পর্যালোচনার লক্ষ্যে ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত আট দিনের সরকারি সফরে বাংলাদেশে ছিলেন তিনি। সফরকালে ঢাকা ও কক্সবাজারে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ভুক্তভোগী রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেন কেলি ই. ক্যারি।
মতামত দিন