Views Bangladesh Logo

আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

মিয়ানমারের চলমান সংঘাত, রাখাইন রাজ্যের পরিস্থিতি এবং রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রার ওপর সরেজমিনে তথ্য সংগ্রহ করতে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি।

১৮ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফরে রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা পর্যালোচনা করা হবে।

বুধবার (১১ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সফরকালে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি এবং বিভিন্ন ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

কারির সফরসূচিতে রাজধানী ঢাকায় একাধিক বৈঠকের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এসব বৈঠক ও পরিদর্শনের মাধ্যমে মিয়ানমারের সংঘাতের প্রভাব, শরণার্থীদের মানবিক পরিস্থিতি এবং তাঁদের সুরক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করবেন তিনি।

জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারি মিয়ানমারে সরেজমিন সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির সামরিক কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, এ মুহূর্তে তারা তাঁর সফরের আয়োজন করতে প্রস্তুত নয়। ফলে মিয়ানমারের পরিস্থিতি ও সংঘাতের প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহে বাংলাদেশ সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

১৮ নভেম্বর বাংলাদেশ সফর শেষে সংবাদ সম্মেলনে নিজের পর্যবেক্ষণ ও প্রাথমিক মূল্যায়ন তুলে ধরবেন কেলি ই. কারি। পরবর্তী সময়ে ২০২৭ সালের মার্চে জাতিসংঘের মানবাধিকার পরিষদে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাঁর পরবর্তী প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ