যথাযথ মর্যাদায় আজ পালিত হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারী বীর শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে আজ বুধবার দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রতিবছর ২৯ মে দিবসটি পালিত হলেও এবার পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে তা আজ উদযাপন করা হচ্ছে।
দিবসটির মূল কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিতকরণে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমকে একটি অনন্য উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।
বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী সাহসী শান্তিরক্ষীদের এই অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাণীতে তিনি মিশনে দায়িত্ব পালনকালে আহত শান্তিরক্ষী এবং শহীদদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে নিজেদের মর্যাদাপূর্ণ স্থান ধরে রেখেছে। জাতিসংঘের অফিশিয়াল তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত টানা প্রথম স্থানে ছিল বাংলাদেশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে ইরাক-ইরানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতিসংঘের নীল হেলমেটের নিচে বাংলাদেশ সেনাবাহিনীর পথচলা শুরু হয়। এর পরের বছর অর্থাৎ ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে এই কার্যক্রমে যুক্ত হয় বাংলাদেশ পুলিশ। এরপর ১৯৯৩ সাল থেকে নৌবাহিনী ও বিমানবাহিনীও শান্তি রক্ষা মিশনে অংশ নেওয়া শুরু করে। শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১ হাজার ৯২৮ জন নারী সদস্যসহ মোট ২১ হাজার ৮২৮ জন সদস্য ২৫টি দেশের ২৭টি শান্তি রক্ষা মিশনে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে মোট ৬৩টি মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। এসব মিশনে সর্বমোট ২ লাখ ৬ হাজার ৪৭৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী অংশ নিয়েছেন। এর মধ্যে নারী শান্তিরক্ষী রয়েছেন ৩ হাজার ৬৪৫ জন এবং সেনাবাহিনীর সদস্য ১ লাখ ৬২ হাজার ৩৫ জন। বর্তমানে বিশ্বের ৯টি শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের ৪ হাজার ৪১২ জন শান্তিরক্ষী নিয়োজিত থেকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
শান্তিরক্ষা মিশনগুলোর শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মোট ১৭৫ জন বীর শান্তিরক্ষী বিশ্বশান্তির পুণ্যবেদীতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এদের মধ্যে সেনাবাহিনীর ১৩৮ জন, নৌবাহিনীর ৪ জন, বিমানবাহিনীর ৯ জন এবং পুলিশের ২৪ জন রয়েছেন। এছাড়া এসব মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশের মোট ২৮৭ জন শান্তিরক্ষী আহত হয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে