সরকারের সংস্কার কমিশনগুলোকে সহায়তা করার প্রস্তাব জাতিসংঘের
শাসনব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে প্রস্তাব চূড়ান্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনগুলোকে সহায়তা করার প্রস্তাব জানিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস তার সমর্থনের কথা জানান।
গুইন লুইস বলেন, ‘এ বিষয়ে জাতিসংঘ তার দক্ষতা এবং অন্যান্য দেশের সেরা অনুশীলনগুলো সংস্কার কমিশনের সঙ্গে শেয়ার করতে সর্বদা প্রস্তুত।’
সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত করার জন্য দেশব্যাপী স্টেকহোল্ডারদের পরামর্শের আহ্বান জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। সেইসঙ্গে সরকারের অগ্রাধিকারের সঙ্গে তাদের বোঝাপড়াকে আরও ভালোভাবে সারিবদ্ধ করতে উন্নয়ন অংশীদারদের সঙ্গে বাংলাদেশ উন্নয়ন ফোরামকে একটি বৈঠকের প্রস্তাব দেন তিনি।
আলোচনায় নির্বাচনি সংস্কারে বাংলাদেশকে জাতিসংঘের সহযোগিতা এবং প্রাসঙ্গিক সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের প্রযুক্তিগত সহায়তার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
পক্ষান্তরে পররাষ্ট্র সচিবও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগে সহায়তা করার জন্য জাতিসংঘের প্রশংসা করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে