শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি জাতিসংঘের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ গড়ার প্রচেষ্টায় পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক।
তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় জাতিসংঘ বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায়। দেশটির শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।
ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসকে উদ্ধৃত করে ডুজারিক জানান, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ।
তিনি আরও বলেন, রাজনৈতিক অংশীদারদের জাতীয় সংহতি বজায় রাখা, গণতান্ত্রিক রীতিনীতি সমুন্নত রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়েছেন মহাসচিব। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার নিশ্চিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন ও সুদানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানুষ এখনও সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যের শিকার হচ্ছেন। বিভক্তি ও সংকটময় এ সময়ে রমজানের চেতনা স্মরণ করে সকলের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আন্তোনিও গুতেরেস।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে