Views Bangladesh Logo

বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সরকারি সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টায় গুতেরেসকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট (ইকে-৫৮৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ঢাকায় পৌঁছানোর পর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যাওয়ার আগে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সূত্রে আরও জানা গেছে, সফরসূচি অনুয়ায়ী শুক্রবার সকাল ৯টায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে হোটেলে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। এরপর সকাল ১০টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করবেন তিনি।

বৈঠক শেষে রোহিঙ্গা শিবির পরিদর্শন করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন জাতিসংঘ মহাসচিব। কক্সবাজার বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।

এ ছাড়াও দিন শেষে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। এ অনুষ্ঠান চলাকালে রোহিঙ্গা ইমাম এবং সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়ের আশা করা হচ্ছে। ইফতারের আগে গুতেরেস রোহিঙ্গা শিবিরের ওয়াচ টাওয়ার, লার্নিং সেন্টার, মাল্টি-পারপাস সার্ভিস সেন্টার ও পাট উৎপাদন স্থাপনা পরিদর্শন করবেন এবং যুবক-শিশুদের সঙ্গে কথা বলবেন। সন্ধ্যায় তিনি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফিরে আসবেন।

সফরের দ্বিতীয় দিনে শনিবার সকালে ঢাকায় জাতিসংঘ ভবন পরিদর্শন করবেন গুতেরেস। সেখানে তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী দেখবেন এবং কর্মীদের সঙ্গে সভায় মিলিত হবেন। এরপর বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে গোলটেবিল আলোচনায় অংশ নেবেন তিনি। এছাড়া তরুণদের সঙ্গে সংলাপ ও নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে তার। পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন।

রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটসের ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন জাতিসংঘ মহাসচিব। বিমানবন্দরে তাঁকে বিদায় জানাবেন ড. খলিলুর রহমান।

আশা করা হচ্ছে, জাতিসংঘ মহাসচিবের এই সরকারি সফরে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক মর্যাদা এবং রোহিঙ্গা সমস্যার মতো চ্যালেঞ্জগুলো আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হবে । এই সফর জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করার পাশাপাশি রোহিঙ্গা সংকটের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ