আলোচনার মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা দুই দেশেরই দায়িত্ব: ডুজারিক
সীমান্তে পুশ ইন (লোকজনকে ঠেলে পাঠানো) সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা ভারত ও বাংলাদেশ উভয়ের দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
স্থানীয় সময় গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ওই সাংবাদিক বলেন, ‘বাংলাদেশ ও ভারত সীমান্ত পরিস্থিতির দিকে আবার নজর দেওয়া যাক। আন্তর্জাতিক মহলের মনোযোগ এখন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, লেবানন, দক্ষিণ সুদান ও হাইতির দিকে। কিন্তু বাংলাদেশ ও ভারত সীমান্তে কয়েক শ শিশু ও নারীর জীবন ঝুঁকিতে রয়েছে। শিশুরা ক্ষুধার তাড়নায় কাঁদছে। নারীরা খোলা আকাশের নিচে ঘুমাচ্ছেন। জাতিসংঘ মহাসচিব এই বিষয়টিকে কীভাবে দেখছেন?’
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমি মনে করি, আলোচনার মাধ্যমে এবং মানুষের মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে এই সমস্যার সমাধান করা উভয় দেশেরই দায়িত্ব।’
ওই সাংবাদিক আরেক প্রশ্নে বলেন, ‘সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্বে ছিলেন। কয়েক মাস পরেই তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার নতুন দায়িত্ব পালন শুরু করবেন। অন্যদিকে জাতিসংঘ মহাসচিবও অতীতে শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাহলে আমরা কি এখন রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আশাবাদী হতে পারি?’
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমি মনে করি, সাধারণ পরিষদের সভাপতির কাজ হলো সাধারণ পরিষদের কার্য পরিচালনা করা। সুতরাং মহাসচিব এবং সাধারণ পরিষদের সভাপতির মধ্যকার পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে সাধারণ পরিষদের বিষয়গুলোই গুরুত্ব পাবে। আর রোহিঙ্গা সংকটের বিষয়টির কাজ (আলাদাভাবে) অব্যাহত থাকবে।’
মতামত দিন