ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের, বিশেষ করে নারীদের, ভয়ভীতি ও হয়রানি ছাড়া নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বার্তায় বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় জানায়, নির্বাচনে অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে নারী ও মেয়েদের অধিকার বিশেষভাবে গুরুত্বপূর্ণ—বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং যারা বৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে রয়েছেন।
বার্তায় বলা হয়, নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা, হয়রানি এবং বিশেষ করে অনলাইন সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকারী নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিকৃত বা যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট ছড়ানোর ঘটনা বাড়ছে বলে উল্লেখ করা হয়।
জাতিসংঘ জানায়, নারীদের অর্থবহ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে আসছে এবং এ লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা দিচ্ছে। নারীসহ সব ভোটার যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়া প্রার্থী ও ভোটার হিসেবে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সব অংশীজন, বিশেষ করে রাজনৈতিক নেতা, দল ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘ বলেছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো ধরনের হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শন গ্রহণযোগ্য নয়।
জাতিসংঘ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন ও সবার অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে। একই সঙ্গে সবার নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে